ডেলিভারির পর কোন লক্ষণগুলো এড়িয়ে গেলে বিপদ হতে পারে?

ডেলিভারির পর মায়ের শরীরে অনেক ধরনের পরিবর্তন হয়। তাই এসময়ে শরীরে নানা ধরনের অস্বস্তি হওয়া স্বাভাবিক। তবে কিছু লক্ষণ মারাত্মক বিপদের সঙ্কেত দিতে পারে। এগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়া প্রয়োজন, যাতে শরীর আরও খারাপ না হয়ে যায়। কিন্তু এই লক্ষণগুলোকে অনেকে স্বাভাবিক অস্বস্তি ভেবে ভুল করেন, ফলে চিকিৎসা নিতে দেরি হয়ে যায়। 

যেসব লক্ষণ এড়িয়ে গেলে বিপদ হতে পারে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে রাখা প্রয়োজন, যাতে এমন কিছু হলে আপনি দ্রুত সঠিক পদক্ষেপ নিতে পারেন।

এই লেখায় যা আছে৩টি অংশ
  1. কোন লক্ষণগুলো দেখা দিলে সাথে সাথে ডাক্তারের কাছে যাবেন
  2. কোন লক্ষণগুলো দেখা দিলে একদিনের ভেতর ডাক্তারের কাছে যাবেন
  3. কোন লক্ষণগুলো দেখা দিলে সাথে সাথে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই

ডেলিভারির পর কোন লক্ষণগুলো দেখা দিলে সাথে সাথে ডাক্তারের কাছে যাবেন?

ডেলিভারির পর এসব লক্ষণ দেখা দিলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাসায় কেও না থাকলে প্রয়োজনে এম্বুলেন্স ডেকে হলেও হাসপাতালে যেতে হবে। এসব লক্ষণ সাধারণত মারাত্মক জটিলতা নির্দেশ করে—

যোনিপথে ভারী রক্তপাত:

ডেলিভারির পরপর সাধারণত ভারী রক্তস্রাব যায় এবং কয়েক ঘণ্টার মধ্যেই পরিমাণটা কমতে শুরু করে। তবে যদি এত বেশি পরিমাণে রক্ত যেতে থাকে যে ঘন্টায় দুটো করে স্যানিটারি প্যাড ভিজে যাচ্ছে—তবে অবশ্যই যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করুন।[১] কারণ এটা ‘পোস্ট-পার্টাম হেমোরেজ’ নামক মারাত্মক রক্তক্ষরণের লক্ষণ হতে পারে। পাশাপাশি এর আরও কিছু লক্ষণ থাকতে পারে, যেমন[২]:

  • বুক ধড়ফড় করা
  • মাথা ঘুরানো
  • মাথা হালকা মনে হওয়া
  • বমিভাব 

ডেলিভারির পর থেকে ১২ সপ্তাহ পর্যন্ত যেকোনো সময় এধরনের রক্তক্ষরণ হওয়ার ঝুঁকি থাকে।[৩] তাই এ ব্যাপারে সতর্ক থাকা জরুরি।

একটানা মাথাব্যথা:

ডেলিভারির পর একটানা মাথাব্যথা হওয়া ‘প্রি-একলাম্পশিয়া’ নামক মারাত্মক জটিলতার লক্ষণ হতে পারে।[৪] মাথাব্যথার পাশাপাশি এর অন্যান্য লক্ষণ হলো:

  • চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা কিংবা চোখে আলোর ঝলকানি দেখা
  • বমিভাব কিংবা বমি

ডেলিভারির ৪৮ ঘন্টা পর থেকে ৬ সপ্তাহ পর্যন্ত  প্রি-একলাম্পশিয়ার লক্ষণগুলো দেখা দেওয়ার ঝুঁকি থাকে।[৫] তাই এসময় বাড়তি সতর্ক থাকতে হবে।

অস্বাভাবিক পেটব্যথা:

গর্ভাবস্থার ২৭ সপ্তাহের পর থেকে ডেলিভারির পরে প্রথম ৭ দিনের ভেতর যেকোনো সময় ‘HELLP সিন্ড্রোম’ নামক এক মারাত্মক জটিলতা দেখা দিতে পারে।[৬] এই সিন্ড্রোমে লিভারের স্বাভাবিক কাজ করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় এবং রক্ত ঠিকমতো জমাট বাঁধে না, ফলে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এর লক্ষণগুলো দেখা দিলে যতদ্রুত সম্ভব হাসপাতালে চলে যেতে হবে[৭][৮]—

  • বমিভাব কিংবা বমি হওয়া
  • উপরের পেটে কিংবা পেটের ডানপাশে তীব্র ব্যথা হওয়া
  • খুব বেশি ক্লান্ত লাগা
  • মাথাব্যথা
  • পায়ের পাতা ও গোড়ালিতে পানি এসে ফুলে যাওয়া

খেয়াল করুন, প্রি-একলাম্পশিয়া আর HELLP সিন্ড্রোমের লক্ষণগুলো অনেকটা একইরকম। তবে দুটিই যেহেতু জরুরি অবস্থা, তাই যেকোনোটার লক্ষণ দেখা দিলেই দেরি না করে হাসপাতালে যেতে হবে।

শ্বাসকষ্ট ও বুকে ব্যথা:

ডেলিভারির পরে আপনার যদি একই সাথে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা দেখা দেয় তবে সেটা ‘পালমোনারি এমবোলিজম’ নামক জটিলতার লক্ষণ হতে পারে।[৯] জমাট বাঁধা রক্তের দলা এসে আপনার ফুসফুসের রক্তনালীতে আটকে গেলে এই সমস্যা দেখা দিতে পারে।[১০] এতে ফুসফুসে ঠিকমতো রক্ত পৌঁছাতে পারে না ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই পালমোনারি এমবোলিজমের কোনো লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ হাসপাতালে যেতে হবে। সাধারণত ডেলিভারির পরে ৬ সপ্তাহ পর্যন্ত এই সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি থাকে।[১১]  শ্বাসকষ্ট ও বুকে ব্যথা ছাড়াও এতে আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন—

  • কাশির সাথে রক্ত আসা
  • মাথা ঘুরানো কিংবা মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া

সিজারের পরে গায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসা:

১০০.৪° ফারেনহাইটের বেশি জ্বর আসলে তা রক্তের ইনফেকশন বা সেপসিস–এর লক্ষণ হতে পারে। রক্তের ইনফেকশন দেখা দিলে খুব দ্রুত শারীরিক অবস্থা খারাপ হতে থাকে, তাই এক্ষেত্রে খুব তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ডেলিভারির পর ৪২ দিন বা ৬ সপ্তাহ পর্যন্ত ডেলিভারিজনিত সেপসিস দেখা দেওয়ার ঝুঁকি থাকে।[১২] জ্বরের পাশাপাশি সেপসিসে এসব লক্ষণ থাকতে পারে—

  • পেটে কিংবা কুঁচকিতে প্রচন্ড ব্যথা যা ঔষধ খেলেও সারে না
  • যোনিপথে দুর্গন্ধযুক্ত স্রাব যাওয়া
  • স্তনে ব্যথা হওয়া বা হাত দিয়ে ধরলেই ব্যথা লাগা
  • সিজারের কাটা জায়গা:
    • লাল হয়ে থাকা
    • ব্যথা হওয়া
    • সেলাই দিয়ে দুর্গন্ধযুক্ত পানি বা পুঁজ বেরিয়ে আসা
  • প্রস্রাবের সময় ব্যথা পাওয়া, প্রস্রাবের চাপ ধরে রাখতে না পারা কিংবা ঘন ঘন প্রস্রাব করা এবং প্রস্রাবে দুর্গন্ধ হওয়া

ডেলিভারির পরে পায়ে ব্যথা:

ডেলিভারির পরে পায়ে ব্যথা বিশেষ করে যেকোনও এক পাশের হাঁটুর নিচের অংশে ব্যথা হওয়া ‘ডিপ ভেইন থ্রম্বোসিস’ নামক মারাত্মক জটিলতার লক্ষণ হতে পারে। পায়ের গভীর শিরায় রক্ত জমাট বেঁধে এই সমস্যা দেখা দেয়।[১৩] এই জমাট বাঁধা রক্ত পায়ের শিরা থেকে শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে গিয়ে মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে। ডেলিভারির পরে অনেক মায়েরই পায়ে ব্যথা হতে পারে, আবার কিছু ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ ছাড়াও ডিপ ভেইন থ্রম্বোসিস দেখা দিতে পারে। তাই এই জটিলতা নিয়ে সতর্ক থাকা জরুরি। পায়ে ব্যথা ছাড়াও এতে আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে—

  • পায়ে পানি আসা বা লাল হয়ে ফুলে যাওয়া
  • ফোলা জায়গায় হাত দিলে গরম লাগা

ডেলিভারির পর কোন লক্ষণগুলো দেখা দিলে একদিনের ভেতর ডাক্তারের কাছে যাবেন?

কিছু কিছু বিপদচিহ্ন এমন যেগুলো দেখা দিলে একদম সাথে সাথে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন না হলেও ঐ দিনের ভেতরই ডাক্তার দেখিয়ে নিতে হবে, যেমন—

হঠাৎ করে মানসিক অস্বাভাবিকতা দেখা দেওয়া:

ডেলিভারির পর অনেক মায়ের হঠাৎ করে মানসিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে। যেমন: খুব বেশি বিষণ্ণ বোধ করা, অল্পতেই রেগে যাওয়া, কনফিউশান কিংবা পাগলের মতো ব্যবহার করা। এসব লক্ষণের পাশাপাশি আপনার যদি হ্যালুসিনেশান জাতীয় লক্ষণ দেখা যায় যেমন: চোখে এমন কিছু দেখা যা বাস্তবে নেই কিংবা কানে গায়েবি আওয়াজ শুনা, সেক্ষেত্রে এগুলো ‘পোস্ট-পার্টাম সাইকোসিস’ নামক জটিলতার লক্ষণ হতে পারে।[১৪]

আগে থেকে কোনো ধরনের মানসিক সমস্যা না থাকলেও ডেলিভারির পরে যেকোনো মায়েরই পোস্ট-পার্টাম সাইকোসিস হওয়ার ঝুঁকি থাকে।[১৫] শুরুতে লক্ষণ গুলো হালকা থাকলেও কয়েক ঘন্টার ব্যবধানেই রোগী মারাত্মক পাগলামি শুরু করতে পারে। তাই এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে ঐ দিনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আপনার যদি মনে হয় আপনার মধ্যে পোস্ট-পার্টাম সাইকোসিস এর কোন লক্ষণ দেখা দিচ্ছে তবে আপনার ডাক্তারকে বিষয়টি জানান। তবে ঘাবড়ে যাবেন না, শুনে কিছুটা ভয় লাগলেও সাধারণত পোস্ট-পার্টাম সাইকোসিস থেকে মায়েরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন। এজন্য সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়াটা জরুরি।

নিজের ক্ষতি করার ইচ্ছা হওয়া:

ডেলিভারির পরে আপনার যদি কোনো কারণে নিজের ক্ষতি করার ইচ্ছা হয়, এতটা বিষণ্ণ অনুভব করতে শুরু করেন যে আত্মহত্যার চিন্তা মাথায় আসে, তবে সবকিছু বাদ দিয়ে আগে আপনার ডাক্তারের পরামর্শ নিন। ডেলিভারির পর অনেক মায়েরই এমনটা হয়ে থাকে, ডাক্তারি ভাষায় একে বলে ‘পোস্ট-ন্যাটাল ডিপ্রেশন’ বা প্রসব পরবর্তী ডিপ্রেশন।[১৬] সময়মতো চিকিৎসার ব্যবস্থা নেওয়া না হলে এটা আপনার ও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে।

ডেলিভারির পরের সময়টা নতুন মায়েদের জন্য শারীরিক ও মানসিকভাবে কঠিন একটা সময়, তাই মাথায় এমন চিন্তা আসলে নিজেকে খারাপ মা ভাবা কিংবা লজ্জিত হওয়ার কোন দরকার নেই। আপনার পরিবারকে বিষয়টি জানান এবং সঠিক চিকিৎসার ব্যবস্থা নিন।

ডেলিভারির পর নিজে থেকে প্রস্রাব করতে না পারা:

নরমাল ডেলিভারির পরে ৬ ঘন্টার মধ্যে আপনি যদি নিজে নিজে প্রস্রাব করতে না পারেন তবে তা প্রস্রাব আটকে যাওয়া বা ‘ইউরিনারি রিটেনশান’ এর লক্ষণ হতে পারে।[১৭] এমনটা হলে আপনার মূত্রথলি প্রস্রাব দিয়ে ভর্তি হয়ে গেলেও প্রস্রাব স্বাভাবিকভাবে বেরিয়ে আসে না। ফলে তলপেটে প্রচন্ড অস্বস্তি ও ব্যথা হয়, সেই সাথে কিডনির ইনফেকশন কিংবা কিডনি ড্যামেজ হওয়ারও ঝুঁকি থাকে। হাসপাতালে ডেলিভারি হয়ে থাকলে আপনি সাথে সাথে আপনার ডাক্তারকে বিষয়টি জানান৷ বাসায় এমনটা হলে উষ্ণ গরম পানিতে গোসল করার চেষ্টা করতে পারেন, তাতেও কাজ না হলে দ্রুত ডাক্তার দেখিয়ে নিতে হবে। (সিজারিয়ান ডেলিভারির পর সাধারণত প্রথম ২৪ ঘন্টা প্রস্রাবের রাস্তায় নল দেওয়া থাকে। সেক্ষেত্রে নল খোলার ৬ পর নিজে থেকে প্রস্রাব না হলে ইউরিনারি রিটেনশান সন্দেহ করতে হবে[১৮])

এনেস্থিসিয়ার প্রভাবে মাইগ্রেনের ন্যায় মাথা ব্যথা:

ডেলিভারির সময় কোমরে স্পাইনাল বা এপিড্যুরাল এনেস্থিসিয়া দেওয়া হলে কিছু ক্ষেত্রে ডেলিভারির পর মাইগ্রেনের ব্যথার মতো মাথাব্যথা হতে পারে। মাইগ্রেনের ব্যথার মতোই শোয়া থেকে উঠে বসলে বা দাঁড়ালে ব্যথাটা বেড়ে যায়। সেই সাথে ঘাড়ে ব্যথা, বমি ভাব কিংবা উজ্জ্বল আলো সহ্য করতে না পারা—এসব লক্ষণ ও থাকতে পারে৷ এনেস্থিসিয়া দেওয়ার সময় ভুলে সুঁই স্পাইনাল কর্ডে প্রবেশ করলে সাধারণত এই সমস্যাটা দেখা দেয়। ডেলিভারির ২৪–৭২ ঘন্টার মধ্যে সাধারণত এটা দেখা দেয়।[১৯] তাই ডেলিভারির পর এসব লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তার দেখাতে হবে।

ডেলিভারির পর কোন লক্ষণগুলো দেখা দিলে সাথে সাথে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু পরের দিন অবশ্যই ডাক্তার দেখাবেন?

কিছু কিছু লক্ষণ এমন যেগুলো দেখা দিলে আজকেই ডাক্তার দেখানোর প্রয়োজন না হলেও আগামীকাল ডাক্তার দেখিয়ে নিতে হবে, যেমন—

ইনফেকশনের লক্ষণ দেখা দেওয়া:

ডেলিভারির পর জ্বর ছাড়াও আরও কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনার ইনফেকশন হয়েছে কি-না[২০]—

  • যোনিপথে দূর্গন্ধযুক্ত সাদাস্রাব জরায়ু কিংবা যোনিপথের ইনফেকশন নির্দেশ করে[২১]
  • সিজারের সেলাই লাল হয়ে থাকলে ও ব্যথা করলে তা ইনফেকশনের লক্ষণ। সে সাথে সেলাই এর কাটা জায়গা দিয়ে দুর্গন্ধযুক্ত পানি বা পুঁজ আসতে পারে
  • তলপেটে ব্যথা কিংবা পেটে চাপ দিলে ব্যথা পাওয়া, এটিও জরায়ুর ইনফেকশনের লক্ষণ হতে পারে[২২]
  • কোমরের দুই পাশে ব্যথা করা, সেই সাথে প্রস্রাবের জ্বালাপোড়া ও ঘন ঘন প্রস্রাবের চাপ আসা কিডনি বা মূত্রথলির ইনফেকশন থেকে হতে পারে[২৩]
  • স্তনের ইনফেকশনের কারণে স্তন ফুলে ব্যথা করতে পারে[২৪]
  • মলদ্বার ও যোনিপথের মাঝখানের জায়গা ফুলে যাওয়া, ব্যথা করা কিংবা ঐ জায়গা দিয়ে পুঁজ-পানি আসা ইনফেকশনের লক্ষণ। বিশেষ করে নরমাল ডেলিভারির সময় দেওয়া সাইড কাটা কিংবা ডেলিভারির চাপে যোনিপথ ও মলদ্বারের মাঝখানের জায়গা ছিঁড়ে গিয়ে এই ধরনের ইনফেকশন হতে পারে

এসব লক্ষণ দেখা দিলে দুশ্চিন্তার কিছু নেই, ঠিকমতো চিকিৎসা নেওয়া হলে এসব ইনফেকশন সাধারণত পুরোপুরি সেরে যায়।

পায়খানার চাপ ধরে রাখতে না পারা:

নরমাল ডেলিভারির সময় কখনো কখনো মলদ্বারের মাংসপেশিতে চাপ পড়ে ড্যামেজ হতে পারে।[২৫] এর ফলে মলত্যাগের উপর নিয়ন্ত্রণ কমে যেতে পারে।[২৬] অর্থাৎ পায়খানার চাপ আসলে আপনি টয়লেটে যাওয়া পর্যন্ত তা ধরে রাখতে ব্যর্থ হতে পারেন। এ সমস্যাটি অবশ্যই বিব্রতকর, কিন্তু নরমাল ডেলিভারির পর অনেকেরই এমনটা হতে পারে এবং সঠিক চিকিৎসায় এই সমস্যা পুরোপুরি নিরাময়যোগ্য। তাই এমন সমস্যা দেখা দিলে লজ্জা না পেয়ে দ্রুত ডাক্তারের কাছে যান।

পাইলসের গোটা ফুলে গিয়ে মলদ্বারের বাইরে বেরিয়ে আসা:

গর্ভবতী নারীদের জন্য পাইলস একটি খুবই কমন সমস্যা। অনেক ক্ষেত্রে ডেলিভারির পরে এই পাইলসের সমস্যা আরও বেড়ে যেতে পারে। সাধারণত ডেলিভারির ১–২ দিন পরে এই সমস্যা দেখা দেয়।[২৭] পাইলসের গোটা সাধারণত মলদ্বারের ভিতরে থাকলেও, সমস্যা বাড়লে গোটাগুলো ফুলে গিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। ফলে মলদ্বার দিয়ে রক্তপাত, তীব্র ব্যথা, পায়খানা করার সময় জ্বালাপোড়া—এমন লক্ষণ দেখা দেয়। ডেলিভারির পর পাইলসের সমস্যা দেখা দিলে দেরি না করে ডাক্তার দেখিয়ে নিতে হবে। দেরি করলে পাইলসের সমস্যা বেড়ে আরও খারাপ হয়ে যেতে পারে।

অনেক দিন ধরে মন খারাপ থাকা:

ডেলিভারির পর প্রথম কিছুদিন মন খারাপ থাকা, অল্পতেই কান্না পাওয়া কিংবা রেগে যাওয়া, খুব বেশি ক্লান্ত লাগা, অনেক বেশি দুশ্চিন্তা করা—এসব লক্ষণ দেখা দেওয়াটা স্বাভাবিক। নতুন মায়েদের এমন মন খারাপের একটা সুন্দর নাম-ও আছে, ‘বেবি-ব্লু’।[২৮] ডেলিভারির পরে প্রায় অর্ধেকের বেশি সংখ্যক নারীই এই বেবি-ব্লু সমস্যায় ভুগতে পারেন। ডেলিভারির ৩–৪ দিন পর এটা দেখা দেয়, তবে সাধারণত বাচ্চার বয়স ১০ দিন হতেই এই সমস্যা কমে গিয়ে মায়েরা তাদের নতুন জীবনে অভ্যস্ত হয়ে যান।[২৯] কিন্তু ২ সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও যদি আপনার মন-মেজাজের উন্নতি না হয়, মাতৃত্বের স্বাদ উপভোগ্য মনে না হয় তবে খুব সম্ভবত আপনি প্রসব পরবর্তী ডিপ্রেশনে ভুগছেন।[৩০] মন খারাপের পাশাপাশি সারাক্ষণ দুশ্চিন্তা করা, অল্পতেই প্যানিক করা, কোনোকিছুতে মনযোগ ধরে রাখতে না পারা—এসব লক্ষণ দেখা দিলে আপনার ডাক্তারকে বিষয়টি জানান। তাকে সবকিছু খুলে বলুন। তিনি আপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। 

যেসব লক্ষণ দেখা দিলে জরুরি ভিত্তিতে ডাক্তারের পরামর্শ নিতে হবে, সেগুলো হল:[৩১][৩২][৩৩]

  • ১০০.৪° ফারেনহাইটের বেশি জ্বর আসলে
  • বমি বমি ভাব কিংবা বমি হলে
  • প্রস্রাব করার সময় জ্বালাপোড়া কিংবা ব্যথা হলে
  • মাসিকের সময় স্বাভাবিকভাবে যতটুকু রক্তপাত হয় যোনিপথে তার চেয়ে বেশি রক্ত গেলে
  • যোনিপথে রক্তপাতের পরিমাণটা হঠাৎ বেড়ে গেলে (তবে মনে রাখবেন, প্রসবের পর প্রথম কিছুদিন যোনিপথে কিছু পরিমাণ রক্ত যাওয়াটা স্বাভাবিক[৩৪])
  • তলপেটে তীব্র ব্যথা হলে (প্রসবের পর প্রথম কিছুদিন তলপেটে মাসিকের ব্যথার মতো ব্যথা হওয়াটা স্বাভাবিক[৩৫])
  • পায়ে ব্যথা হলে, পানি আসলে কিংবা পায়ে চাপ দিলে ব্যথা পেলে
  • কাশির সাথে বুকে ব্যথা থাকলে কিংবা মুখ হা করে জোর দিয়ে শ্বাস নেওয়ার প্রয়োজন হলে
  • একটানা মাথাব্যথা হতে থাকলে
  • চোখে হঠাৎ ঝাপসা দেখলে কিংবা চোখের দৃষ্টিতে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দিলে
  • স্বাভাবিকভাবে শ্বাস নিতে কষ্ট হলে
  • মুখে কিংবা হাতে পানি আসলে
  • স্তনের গায়ে লাল লাল দাগ দেখা দিলে
  • স্তনের গায়ে চাকা বা দলার মতো দেখা দিলে এবং সেখানে ব্যথা থাকলে
  • সিজার এর সেলাই কিংবা নরমাল ডেলিভারির সাইড কাটায় এসব লক্ষণ দেখা দিলে:
    • লাল হয়ে থাকা
    • পানি, পুঁজ কিংবা রক্ত পড়া
    • একটানা ব্যথা হতে থাকা কিংবা ব্যথা বেড়ে যাওয়া
  • যোনিপথে দুর্গন্ধযুক্ত স্রাব গেলে
  • প্রসবের পর প্রথম কিছুদিন মানসিকভাবে কিছুটা ক্লান্ত বা অসহায় অনুভব করাটা নতুন মায়েদের জন্য অস্বাভাবিক নয়[৩৬][৩৭][৩৮], কিন্তু ১০ দিনের বেশি যদি এমনটা মনে হতে থাকে কিংবা নিজের বা শিশুর ক্ষতি করার কোনো ধরনের চিন্তা মাথায় আসে তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এ ধরনের জটিলতার ঝুঁকি এড়ানোর জন্য প্রসবের পর নিয়মিত চেক-আপে থাকা জরুরি।[৩৯]

প্রসবের পর চেক-আপে যাওয়ার আদর্শ সময় সম্পর্কে জানতে পড়ুন: প্রসব-পরবর্তী চেক আপ

  1. American College of Obstetricians, and Gynecologists. Your Pregnancy and Childbirth: Month to Month. American College of Obstetricians and Gynecologists; 2021. Chapter 39
  2. Royal College of Obstetricians and Gynaecologists. Heavy Bleeding after Birth (Postpartum Haemorrhage). RCOG, https://www.rcog.org.uk/for-the-public/browse-our-patient-information/heavy-bleeding-after-birth-postpartum-haemorrhage/.
  3. American College of Obstetricians, and Gynecologists. Your Pregnancy and Childbirth: Month to Month. American College of Obstetricians and Gynecologists; 2021. Chapter 39
  4. Hauspurg, Alisse, and Arun Jeyabalan. “Postpartum Preeclampsia or Eclampsia: Defining Its Place and Management among the Hypertensive Disorders of Pregnancy.” American Journal of Obstetrics and Gynecology, vol. 226, no. 2, Feb. 2022, pp. S1211–21.
  5. Hauspurg, Alisse, and Arun Jeyabalan. “Postpartum Preeclampsia or Eclampsia: Defining Its Place and Management among the Hypertensive Disorders of Pregnancy.” American Journal of Obstetrics and Gynecology, vol. 226, no. 2, Feb. 2022, pp. S1211–21.
  6. Khalid, Farhan, et al. HELLP Syndrome. StatPearls, StatPearls Publishing, https://www.ncbi.nlm.nih.gov/books/NBK560615/.
  7. Khan, Huma. “HELLP Syndrome Clinical Presentation: History, Physical Examination.” Medscape, 8 Aug. 2024, https://emedicine.medscape.com/article/1394126-clinical.
  8. Khalid, Farhan, et al. HELLP Syndrome. StatPearls, StatPearls Publishing, https://www.ncbi.nlm.nih.gov/books/NBK560615/
  9. Reyes, Nimia L., and Karon Abe. “Deep Vein Thrombosis and Pulmonary Embolism.” CDC Yellow Book, Centers for Disease Control and Prevention, www.cdc.gov/yellow-book/hcp/travel-air-sea/deep-vein-thrombosis-and-pulmonary-embolism.html.
  10. Morris, J.M., et al. “Incidence and Risk Factors for Pulmonary Embolism in the Postpartum Period.” Journal of Thrombosis and Haemostasis, vol. 8, no. 5, May 2010, pp. 998–1003.
  11. Health Service Executive. “Sepsis during and after pregnancy.” HSE.ie, 9 Mar. 2026, www2.hse.ie/conditions/sepsis/sepsis-during-and-after-pregnancy/. Accessed 5 May 2026.
  12. Royal College of Obstetricians and Gynaecologists. “Diagnosis and treatment of venous thrombosis in pregnancy and after birth.” RCOG, Aug. 2015, www.rcog.org.uk/for-the-public/browse-our-patient-information/diagnosis-and-treatment-of-venous-thrombosis-in-pregnancy-and-after-birth/. Accessed 5 May 2026.
  13. Royal College of Psychiatrists. “Postpartum Psychosis.” Rcpsych.Ac.Uk, https://www.rcpsych.ac.uk/mental-health/mental-illnesses-and-mental-health-problems/postpartum-psychosis. Accessed 5 May 2026.
  14. Royal College of Psychiatrists. “Postpartum Psychosis.” Rcpsych.Ac.Uk, https://www.rcpsych.ac.uk/mental-health/mental-illnesses-and-mental-health-problems/postpartum-psychosis. Accessed 5 May 2026.
  15. Royal College of Psychiatrists. “Postnatal Depression.” Rcpsych.Ac.Uk, https://www.rcpsych.ac.uk/mental-health/mental-illnesses-and-mental-health-problems/postnatal-depression. Accessed 1 May 2026.
  16. Yip, Shing‐Kai, et al. “Postpartum Urinary Retention.” Acta Obstetricia et Gynecologica Scandinavica, vol. 83, no. 10, Sep. 2004, pp. 881–91.
  17. Yip, Shing‐Kai, et al. “Postpartum Urinary Retention.” Acta Obstetricia et Gynecologica Scandinavica, vol. 83, no. 10, Sep. 2004, pp. 881–91.
  18. Janvier, A.S., and R. Russell. “Postpartum Headache – Diagnosis and Treatment.” BJA Education, vol. 22, no. 5, May 2022, pp. 176–81.
  19. Moldenhauer, Julie S. “Infections After Childbirth .” MSD Manuals, https://www.msdmanuals.com/home/women-s-health-issues/postpartum-care/infections-after-delivery. Accessed 5 May 2026.
  20. Moldenhauer, Julie S. “Infections of the Uterus After Delivery.” MSD Manuals, https://www.msdmanuals.com/home/women-s-health-issues/postpartum-care/infections-of-the-uterus-after-delivery. Accessed 5 May 2026.
  21. Moldenhauer, Julie S. “Infections of the Uterus After Delivery.” MSD Manuals, https://www.msdmanuals.com/home/women-s-health-issues/postpartum-care/infections-of-the-uterus-after-delivery. Accessed 5 May 2026.
  22. Moldenhauer, Julie S. “Bladder and Kidney Infections After Childbirth.” MSD Manuals, https://www.msdmanuals.com/home/women-s-health-issues/postpartum-care/bladder-and-kidney-infections-after-delivery. Accessed 5 May 2026.
  23. Moldenhauer, Julie S. “Mastitis.” MSD Manuals, https://www.msdmanuals.com/home/women-s-health-issues/postpartum-care/mastitis. Accessed 5 May 2026.
  24. Chin, Kathleen. “Obstetrics and Fecal Incontinence.” Clinics in Colon and Rectal Surgery, vol. 27, no. 03, Sep. 2014, pp. 110–12.
  25. Eason, Erica, et al. “Anal Incontinence after Childbirth.” CMAJ: Canadian Medical Association Journal, vol. 166, no. 3, 2002, pp. 326–330.
  26. Bužinskienė, Diana, et al. “Perianal Diseases in Pregnancy and After Childbirth: Frequency, Risk Factors, Impact on Women’s Quality of Life and Treatment Methods.” Frontiers in Surgery, vol. 9, Feb. 2022.
  27. Royal College of Psychiatrists. “Postnatal Depression.” Rcpsych.Ac.Uk, https://www.rcpsych.ac.uk/mental-health/mental-illnesses-and-mental-health-problems/postnatal-depression. Accessed 1 May 2026.
  28. Royal College of Psychiatrists. “Postnatal Depression.” Rcpsych.Ac.Uk, https://www.rcpsych.ac.uk/mental-health/mental-illnesses-and-mental-health-problems/postnatal-depression. Accessed 1 May 2026.
  29. Moldenhauer, Julie S. “Postpartum Depression.” MSD Manuals, https://www.msdmanuals.com/home/women-s-health-issues/postpartum-care/postpartum-depression. Accessed 5 May 2026.
  30. American College of Obstetricians, and Gynecologists. Your Pregnancy and Childbirth: Month to Month. American College of Obstetricians and Gynecologists; 2021. Chapter 19.
  31. Centers for Disease Control and Prevention. “Urgent Maternal Warning Signs and Symptoms.” HEAR HER Campaign, 18 Feb. 2026, https://www.cdc.gov/hearher/maternal-warning-signs/index.html.
  32. World Health Organization. “Postnatal Care of the Mother and Newborn.” Counselling for Maternal and Newborn Health Care: A Handbook for Building Skills, World Health Organization, 2013. NCBI Bookshelf, National Library of Medicine, https://www.ncbi.nlm.nih.gov/books/NBK304191/. Accessed 1 May 2026.
  33. “Lochia.” ScienceDirect Topics, Elsevier, https://www.sciencedirect.com/topics/medicine-and-dentistry/lochia. Accessed 1 May 2026
  34. American College of Obstetricians and Gynecologists. “Postpartum Pain Management.” ACOG Women’s Health FAQs, American College of Obstetricians and Gynecologists, Oct. 2020, https://www.acog.org/womens-health/faqs/postpartum-pain-management. Accessed 1 May 2026.
  35. UNICEF. “What Is Postpartum Depression?” UNICEF Parenting, United Nations Children’s Fund, https://www.unicef.org/parenting/mental-health/what-postpartum-depression. Accessed 1 May 2026.
  36. Carlson, Katherine, et al. Perinatal Depression. StatPearls Publishing, 2024, NCBI Bookshelf, U.S. National Library of Medicine, https://www.ncbi.nlm.nih.gov/books/NBK519070/. Accessed 4 May 2026.
  37. Health Service Executive. “Baby Blues.” HSE Pregnancy and Birth, 26 Apr. 2023, https://www2.hse.ie/babies-children/parenting-advice/health-mental-wellbeing/baby-blues/. Accessed 4 May 2026
  38. American College of Obstetricians and Gynecologists. “What to Expect at a Postpartum Checkup—And Why the Visit Matters.” ACOG, https://www.acog.org/womens-health/experts-and-stories/the-latest/what-to-expect-at-a-postpartum-checkup-and-why-the-visit-matters. Accessed 4 May 2026.