প্রতিবার খাওয়ানোর সময় শিশুকে ঢেকুর তোলানো কেন প্রয়োজন?

এই লেখায় যা আছে৪টি অংশ
  1. কেন জরুরি
  2. কখন তুলাবেন
  3. সহজ উপায়
  4. ঢেকুর না তুললে কী করবেন

ঢেকুর তুলানো কেন জরুরি?

বাচ্চারা দুধ টেনে খাওয়ার সময় মুখ দিয়ে কিছুটা বাতাস-ও গিলে ফেলে, এই বাতাস পেটে গেলে শিশু নিজে থেকেই অস্বস্তি বোধ করে, হাত-পা ছোড়াছুঁড়ি করে বা কান্নাকাটি করে। বুকের দুধ কিংবা ফিডার দুই ক্ষেত্রেই এই সমস্যা দেখা দিতে পারে, কিন্তু ফিডার খাওয়ার সময় সাধারণত এটা বেশি হয়ে থাকে।[১] এমনটা হলে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হবে। এ অবস্থায় একটানা দুধ খাইয়ে গেলে তার পেটে আরো বাতাস জমবে, ফলে সে আরও বেশি অস্বস্তি বোধ করবে, এমনকি মুখ দিয়ে দুধ বের করে দিতে পারে বা বমি করতে পারে। প্রতিবার দুধ খাওয়ানোর পরে নিয়ম করে ঢেকুর তুলালে এই সমস্যা দূর করা যায়।

কখন ঢেকুর তুলাবেন?

ফিডারের ক্ষেত্রে প্রতিবার ৬০–৯০ মিলিলিটার বা ১২–১৮ চা-চামচ দুধ খাওয়ানোর পরে ঢেকুর তুলাতে হবে।[২] আর বুকের দুধ খাওয়ালে এক পাশ থেকে অন্য পাশের স্তনে নেওয়ার আগে ঢেকুর তুলাতে হবে।[৩]

ঢেকুর তুলানোর সহজ উপায়

মায়েরা বাচ্চার ঢেকুর তুলানোর জন্য অনেকগুলো পদ্ধতি ব্যবহার করে থাকেন। এর মধ্যে সবচেয়ে কার্যকরী ৩ টি পদ্ধতি বলছি এখানে—

পজিশন ১: শিশুর মুখ কাঁধের উপর রেখে

শিশুর মাথা সোজা রেখে কোলে নিন যাতে তার মুখ আপনার কাঁধের উপর থাকে। এবার অন্য হাত দিয়ে ধীরে ধীরে তার পিঠে হালকা চাপড় দিতে থাকুন। হাতের তালু খানিকটা ভাঁজ করে কাপের মতো করে সেটা দিয়ে আলতোভাবে পিঠ চাপড়ে দিলে আরও ভালো ফল পাওয়া যেতে পারে।[৪] এই পজিশনে শিশুর মাথা ও বাকি শরীর যেন ভালো মতো সাপোর্ট দেওয়া থাকে সেটা খেয়াল রাখতে হবে। 

ছবি: মুখ কাঁধের উপর রেখে ঢেকুর তুলানো

পজিশন ২: কোলের উপর বসিয়ে

শিশুকে কোলের উপর বসিয়েও ঢেকুর তুলানো যেতে পারে। এজন্য কোলে বসিয়ে প্রথমে এক হাত দিয়ে শিশুর বুক ও চোয়ালে ঠেস দিয়ে তাকে সাপোর্ট দিতে হবে যেন মাথা সোজা থাকে। এরপর অন্য হাত দিয়ে ধীরে ধীরে পিঠে হাত বুলাতে হবে অথবা আলতোভাবে পিঠ চাপড়ে দিতে হবে।

ছবি: কোলের উপর বসিয়ে ঢেকুর তুলানো

পজিশন ৩: কোলের উপর শুইয়ে

শিশুকে কোলের উপর উপুড় করে শোয়ান। এক হাত দিয়ে চোয়াল কিংবা থুঁতনিতে সাপোর্ট দিয়ে মাথা উচু করে ধরুন (যেন মাথা বুকের লেভেলের চেয়ে উপরে থাকে)। অন্য হাত দিয়ে আস্তে আস্তে পিঠে হাত বুলান বা পিঠ চাপড়ে দিন৷ খেয়াল রাখুন এসময় তার গলার উপর যেন কোনো চাপ না পড়ে।

ছবি: কোলের উপর শুইয়ে ঢেকুর তুলানো

এই ৩টি পদ্ধতির মধ্যে আপনার সুবিধামতো যেকোনো একটি পদ্ধতি বেছে নিয়ে শিশুর ঢেকুর তুলাতে পারেন। একভাবে সফল না হলে পদ্ধতি পরিবর্তন করে আবার চেষ্টা করুন।

খেয়াল করুন: ঢেকুর তুলার সময় শিশুর মুখ দিয়ে কিছুটা দুধ বের হয়ে আসতে পারে। এমনটা হওয়া স্বাভাবিক। এটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। শিশুকে ঢেকুর তুলানোর সময় আগে থেকেই একটি ন্যাপকিন বা ‘বার্প ক্লথ’ রেডি রাখুন। শিশুর মুখ দিয়ে দুধ বেরিয়ে আসলে সেটা মুছে দিন।

চেষ্টার পর-ও ঢেকুর না তুললে কী করবেন?

বেশ কয়েক মিনিট চেষ্টার পর-ও ঢেকুর না তুললে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। প্রতিবারেই শিশু ঢেকুর তুলতে সফল হবে এমনটা নয়৷ তাই কিছুক্ষণ চেষ্টার পর ঢেকুর না তুললে শিশুকে আবার দুধ খেতে দিন। দুধ খাওয়া শেষ হলে এরপর আবার ঢেকুর তুলানোর চেষ্টা করুন৷ খাওয়ানোর পরে তাকে ১০ থেকে ১৫ মিনিট সোজাভাবে ধরে রাখুন যাতে করে মুখ দিয়ে দুধ বেরিয়ে না আসে।[৫] খাওয়ামাত্র শুইয়ে দিলে দুধ পেটে না গিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসতে পারে।

খাওয়ার অনেকক্ষণ পরেও ঢেকুর না আসলে এবং পেটে গ্যাস জমে শিশু অস্বস্তি বোধ (কান্নাকাটি করা, পিঠ ধনুকের মতো বাকিয়ে কান্না করা, হাত মুষ্টিবদ্ধ করে রাখা, পা পেটের কাছে নিয়ে আসা[৬])—এসব করতে থাকলে শিশুকে চিত করে শুইয়ে পেটে হালকা ম্যাসাজ বা মালিশ করে দিতে পারেন। সেই সাথে তার হাত পা গুলো সাইকেল চালানোর ভঙ্গিতে নাড়াতে পারেন।[৭] এতে করে পেটে গ্যাস জমে থাকলে তা অনেকসময় বেরিয়ে আসে। তবে খেয়াল রাখবেন, দুধ খাওয়ানো মাত্র তাকে শোয়ানো যাবে না। আর এরপরেও পেটের গ্যাস বের না হলে, শিশুর ডাক্তারের সাথে কথা বলতে পারেন। তিনি আপনাকে উপযুক্ত পরামর্শ দিতে পারবেন।

ছবি: বাইসাইকেল চালানোর ভঙ্গিতে পেটের গ্যাস বের করার চেষ্টা